📍 কিশোরগঞ্জ | লোড হচ্ছে...
কিশোরগঞ্জ জেলা সংবাদ

উপজেলা সংবাদ: কিশোরগঞ্জ সদর

মোট খবর: 7 টি
কিশোরগঞ্জে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার
কিশোরগঞ্জ সদর৮ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে দালাল চক্রের ১৭ সদস্য গ্রেপ্তার

কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিনভর পরিচালিত অভিযানে প্রথমে ৩২ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাদের মধ্য থেকে ১৭ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান। পুলিশ সুপার বলেন, "সরকারি হাসপাতালকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র সক্রিয় রয়েছে এমন তথ্য পুলিশের কাছে ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত হওয়ার পর দালাল চক্রের সদস্যদের একটি তালিকা তৈরি করা হয়। সেই তালিকার ভিত্তিতেই মঙ্গলবার পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে দুই হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩২ জনকে আটক করা হয়। পরে তাদের বিষয়ে বিস্তারিত যাচাই-বাছাই করা হলে দালাল চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৭ জনকে গ্রেফতার করা হয়।" গ্রেফতার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে হাসপাতাল এলাকায় অবস্থান করে গ্রাম থেকে চিকিৎসার জন্য আসা অসহায় ও সাধারণ রোগীদের টার্গেট করতেন। বিভিন্নভাবে তাদের সঙ্গে সখ্য তৈরি করে উন্নত চিকিৎসা, দ্রুত পরীক্ষা-নিরীক্ষা কিংবা কম খরচে চিকিৎসার কথা বলে প্রলুব্ধ করা হতো। পরে রোগী ও তাদের স্বজনদের সরকারি হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেতেন তারা। এতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা একদিকে যেমন হয়রানির শিকার হন, অন্যদিকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অর্থ ব্যয়েরও অভিযোগ রয়েছে। বিশেষ করে জেলার প্রত্যন্ত এলাকা থেকে চিকিৎসার জন্য আসা অসহায় রোগীরাই এসব দালালের প্রধান টার্গেট বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান আরও বলেন, দালাল চক্রের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সরকারি হাসপাতাল এলাকায় কোনো ধরনের দালালচক্রের তৎপরতা সহ্য করা হবে না।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ পালিত
কিশোরগঞ্জ সদর৮ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ পালিত

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস–২০২৬ উপলক্ষে কিশোরগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, "সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার সক্ষমতা নয়। বরং এটি মানুষের জ্ঞান, দক্ষতা, সচেতনতা ও আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম প্রধান ভিত্তি। একটি জ্ঞানভিত্তিক, দক্ষ, বৈষম্যহীন ও সমৃদ্ধ সমাজ বিনির্মাণে সকলের জন্য মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও জীবনমুখী শিক্ষার সুযোগ নিশ্চিত করা অপরিহার্য।" তিনি আরও বলেন, "পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ডিজিটাল ও আর্থিক সাক্ষরতা এবং জীবনমুখী দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করার মাধ্যমে একটি সচেতন, দক্ষ ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তুলতে হবে।" আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুর রহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব জেসমিন আক্তার। তথ্যসূত্র- মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান ফ্যাসিস্টের দোসর, দাবি সিবিএ নেতাদের
কিশোরগঞ্জ সদর৩ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান ফ্যাসিস্টের দোসর, দাবি সিবিএ নেতাদের

কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসানের প্রত্যাহার দাবি করে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্টিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারি ইউনিয়ন (সিবিএ) কিশোরগঞ্জ শাখা কমিটি তাদের নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচী পালন করে। মানববন্ধনে নেতা-কর্মীরা অভিযোগ করে বলেন, কিশোরগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে প্রায়ই কটুক্তি করেন। এছাড়াও তিনি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের কিশোরগঞ্জের শাখা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে প্রায় সময় অশালীন ও উস্কানিমূলক কথাবার্তা বলেন। এসব নিয়ে সংগঠনের নেতা-কর্মীরা প্রতিবাদ করলে তিনি গতকাল বুধবার দুপুরে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় কয়েকজন আহত হয়। পরে, সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, গতকাল বুধবার দুপুরে উপ-সহকারি প্রকৌশলী মাহমুদুল হাসানের সঙ্গে আমাদের নেতা-কর্মীদের বিভিন্ন কথা বার্তার এক পর্যায়ে তিনি আমাদের উপর চড়াও হোন। এসময় উত্তেজনাবসত নিজেই আলমারির সাথে ধাক্কা লাগার কারনে তার মাথার এক পাশে অল্প কেটে যায়। পরে স্থানীয় থানায় গিয়ে তিনি আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেন। সংগঠনের কার্যকরি সদস্য মো. জাকির হোসেন সাংবাদিকদের বলেন, এই কর্মকর্তা ফ্যাসিস্টের দোসর। তিনি প্রায় ৭ বছর যাবত কিশোরগঞ্জের এই অফিসে কর্মরত। সরকারি নিয়মে এক কর্মস্থলে ৩ বছর থাকার নিয়ম থাকলেও তিনি এখনো বহাল তবিয়তে আছেন। তার বাড়ি নারায়ণগঞ্জ সেখানে তার নামে সন্ত্রাসী মামলা আছে। তিনি নারায়ণগঞ্জের গডফাদার শামীম উসমানের কাছের লোক। এই দাপট দেখিয়ে সরকারি কোয়ার্টারে একা থাকার কথা থাকলেও পরিবার নিয়ে এসি রুমে বসবাস করছেন। জাকির হোসেন আরও বলেন, গতকালকের ঘটনায় তিনি আমাদের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ করেই ক্ষান্ত থাকেননি। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নামে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তি ছড়িয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। পাশাপাশি মাহমুদুল হাসানের কিশোরগঞ্জ থেকে প্রত্যাহার দাবি করছি। মানববন্ধন ও সংবাদ সম্মেলনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কার্যকরি সদস্য মো. জাকির হোসেন, ইসতিয়াক আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে অফিস কক্ষে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীর উপর হামলা!
কিশোরগঞ্জ সদর২ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে অফিস কক্ষে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলীর উপর হামলা!

কিশোরগঞ্জে চাঁদা দিতে অস্বীকার করায় অফিস কক্ষে ঢুকে পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি রক্তাক্ত জখম হয়েছেন বলেও জানা গেছে। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের গাইটাল শিক্ষকপল্লী এলাকায় অবস্থিত জেলা পানি উন্নয়ন বোর্ড অফিসে এ ঘটনা ঘটে। এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানায় ৪ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগপত্র দায়ের করেছেন ভূক্তভুগী উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম। অভিযুক্তরা হলেন, কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মচারি এবং ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ, সাধারণ সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক, সদস্য মো. জাকির হোসেন এবং ইসতিয়াক আহমেদ। অভিযোগ সূত্রে জানা যায়, আনুমানিক দুই মাস পূর্বে ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা তাদের একজন কেন্দ্রীয় নেতার সংবর্ধনা দেওয়া উপলক্ষে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামের কাছে চাঁদা দাবী করে। এসময় চাঁদা দিতে অস্বীকার করায় ক্ষীপ্ত হয়ে তাকে দেখে নিবে বলে হুমকি দিয়ে চলে যায়। আজ বুধবার দুপুরে মাহমুদুল ইসলামের অফিস কক্ষে ঢুকে অভিযুক্ত চারজন মিলে তাকে প্রথমে গালিগালাজ ও পরে হামলা করে রক্তাক্ত যখম করে। পরে, ওই অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারিরা আহত অবস্থায় উদ্ধার করে উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলামকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এ বিষয়ে ওই অফিসের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি অভিযুক্ত সোয়াইব আহমেদ বলেন, উপসহকারী প্রকৌশলী মাহমুদুল ইসলাম আমাদের সামনে মরহুম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে তুচ্ছতাচ্ছিল্য করেছে কয়েকদিন। আজ দুপুরে আমরা কয়েকজন বিষয়টি জিজ্ঞেস করতে তার অফিস কক্ষে গিয়েছিলাম। এ সময় তিনি উত্তেজিত হয়ে আমাকে চড় মারেন। তারপর দুই পক্ষ ধস্তাধস্তি হয়। তবে, মরহুম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের বিষয়ে তুচ্ছতাচ্ছিল্যের কোন প্রমাণ দেখাতে পারেননি শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি সোয়াইব আহমেদ।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জ সদর৩১ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা, দূর্নীতি ও মাদক নিয়ন্ত্রন, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমসহ সার্বিক কার্যাবলী তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্টিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ খান সোহেল,পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তারী কাদেরী, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, সকল সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ ও ইলেকট্রনিকস-প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, মাদক ও কিশোর অপরাধ দমন, অপরাধ নিয়ন্ত্রণ, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনবল সংকট দূরীকরণ, প্রকল্পসমূহের গুণগত মান নিশ্চিতকরণসহ জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল দপ্তর ও অংশীজনের সমন্বিত সহযোগিতা ও কার্যক্রম আরও জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করা হয়। তথ্যসূত্র: মিডিয়া সেল, জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে রাস্তার পাশে পরিচয়হীন বৃদ্ধের মানবেতর এক বছর!
কিশোরগঞ্জ সদর৩১ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জে রাস্তার পাশে পরিচয়হীন বৃদ্ধের মানবেতর এক বছর!

কিশোরগঞ্জ জেলা শহরের পাগলা মসজিদের সামনে ব্যাস্ততম সড়ক। পাশের ফুটপাতে গড়ে উঠেছে দোকান। সেখানে পরিত্যাক্ত একটি দোকানের ভাঙাচালা ও স্যাঁতস্যাতে দেয়ালের পাশে মানবেতর জীবন-যাপন করছেন এক বৃদ্ধ। পরিচয়হীন প্রায় ৭৫ বছর বয়েসী এই বৃদ্ধ এক বছর ধরে শীত রোদ বৃষ্টি ঝড়ে জীবনের অন্তিম সময় পাড় করছেন। দিন যায় মাস যায় এভাবে পেরিয়ে যাচ্ছে বছরও। কিন্তু মিলছেনা এ অসুস্থ বৃদ্ধের পরিচয়। ঠিকভাবে কথা বলতেও পারেননা তিনি। প্রশ্ন করলে শুধু বলেন, বাড়ি ময়মনসিংহের বেগুনবাড়ি। বয়সের ভারে হ্রাস পেয়েছে তাঁর শ্রবণ শক্তি। হাতে একটি লাঠি নিয়ে চলেন খুঁড়িয়ে খুঁড়িয়ে। ক্ষুধার যন্ত্রণা টের পেলেও খাবার দিলে খেতে পারেননা ওই বৃদ্ধ। শুধু তাকিয়ে থাকেন ফ্যাল ফ্যাল করে। তার এই তাকিয়ে থাকা বলে দেয়, এ যেন অপেক্ষা আপন কাউকে কাছে পাওয়ার। হয়তো জীবনে সবাই ছিল তাঁর। কিন্তু জীবনের শেষ অধ্যায়ে পাশে নেই আজ কেউ। স্থানীয় দোকানি সাজু মিয়া জানান, "প্রায় এক বছর আগে সকালে দোকান খুলতে এসে দেখি পাগলা মসজিদের সামনে সেতুর ফুটপাতে বসে আছেন এই বৃদ্ধ লোকটি। তারপর পাশেই ভাঙা পরিত্যাক্ত দোকানের নীচে ওনার থাকার ব্যবস্থা করি। দিন রাত এখানেই থাকেন তিনি। শীতে গরমে বৃষ্টিতে ভিজে পরে থাকেন এখানেই। খাবার দিলে খুব একটা খেতেও পারেননা। লোকটা খুব অসুস্থ, তার চিকিৎসা দরকার" স্থানীয় বাসিন্দা হীরা মিয়া বলেন, "এই বৃদ্ধ মানুষটির স্বজনদের খোঁজ করেও পাওয়া যাচ্ছেনা। এতদিন হয়ে গেল কেউ আসেনি তাঁর খোঁজ করতে। আশা করছি প্রশাসন এই অসুস্থ বৃদ্ধের চিকিৎসার ব্যবস্থা করবেন। পাশাপাশি খোঁজ করবেন তার স্বজনদের।" এ বিষয়টি জানালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, "একটি টেলিভিশন মিডিয়ার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

সম্পূর্ণ সংবাদ পড়ুন →
কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস
কিশোরগঞ্জ সদর২ সেপ্টেম্বর, ২০২৬

কিশোরগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জশনে জুলুস

কিশোরগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বিশাল জশনে জুলুস (আনন্দ মিছিল) ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদ ও জেলা সুন্নী সাইবার টিমের যৌথ আয়োজনে এ মিছিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিমরা অংশগ্রহণ করেন। ​শহরের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং সুন্নী আকাইদের পতাকা হাতে নিয়ে মহানবী (সা.)-এর আগমনকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। ​পরে কলেজ মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশ, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইসমাইল হোসেন মধু, তরফিয়া দরবার শরীফের গদিনিশীন পীর সৈয়দ ইয়াছিন, আটরশি দরবার শরীফের জেলার কর্মী প্রধান আনিসুর রহমান, পাটধা দরবারের গদিনিশীন পীর শফিকুল ইসলাম, ঈদে মিলাদুন্নবী জশনে জুলুস উদযাপন পরিষদের সদস্য সচিব তানভীর আহমেদ আলামিন প্রমুখ। সমাবেশে বক্তারা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণ করে ব্যক্তিগত ও সামাজিক জীবন পরিচালনা করার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সম্পূর্ণ সংবাদ পড়ুন →