করিমগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জের করিমগঞ্জে বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনার সময় খোকন মিয়া (৪০) নামে আরও এক শ্রমিক আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। তার চার বছর, দুই বছর ও ৯ মাস বয়সী তিনটি সন্তান রয়েছে। আহত খোকন মিয়া একই এলাকার সাইদুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে খোকন মিয়াসহ আটজনের একটি দল নিয়ে পাশের নামাপাড়া গ্রামে ধনেপাতা সংগ্রহ করতে যান হেলিম। কাজের একপর্যায়ে হঠাৎ আকাশ অন্ধকার হয়ে আসে। শুরু হয় বজ্রপাত। এ সময় বজ্রপাতে গুরুতর আহত হন হেলিম।
বিকট শব্দে পাশে থাকা খোকন মিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। পরে সঙ্গে থাকা শ্রমিক ও স্থানীয়রা দুজনকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন। বর্তমানে এ হাসপাতালে আহত খোকন মিয়ার চিকিৎসা চলছে।
করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান বজ্রপাতে হেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



