করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত

কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবক নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন চং নোয়াগাঁও গ্রামের নজরুল ইসলামের ছেলে মোকাররম (৩০) এবং এবং একই গ্রামের ইসহাক মিয়ার ছেলে শাহ আলম (৩৫)।
স্থানীয়রা জানায়, সকালে মোকারম ও শাহআলম একসাথে মাছ ধরতে বাড়ির পাশের হাওরে যায়। এসময় বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। আবহাওয়া বৈরী দেখে অনেক সময় গড়িয়ে যাওয়ার পরেও তাঁরা ফিরে না আসায় খোঁজ নিতে যায় তাদের স্বজনেরা। এসময় হাওরের হাটু পরিমান পানিতে তাদের মরদেহ দেখতে পায়। পরে, পুলিশে খবর দেওয়া হয়।
স্থানীয়রা আরও জানায়, নিহত মোকাররম ঢাকায় গার্মেন্টসে চাকরী করেন। এবার গ্রামের বাড়িতে এসে বিয়ে করেছিলেন তিনি। অপর নিহত শাহ আলম ধানের নৌকায় শ্রমিকের কাজ করতেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েব খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বজ্রপাতে দুইজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি বিষয় প্রক্রিয়াধীন।
← প্রচ্ছদে ফিরে যানকিশোরগঞ্জ জার্নাল অনলাইন



